দামুড়হুদায় জামায়াত নেতা শরীফুল গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শরীফুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল রোববার দামুড়হুদা শহরের গুলশান পাড়ার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ শরীফুল আলম গুলশান পাড়ার আনসার আলীর ছেলে এবং দামুড়হুদা ওদুদ শাহ কলেজের রসায়ন বিভাগের শিক্ষক। পুলিশের দাবি, শরীফুল আলমের কাছ থেকে দুটি শাটারগান, চারটি গুলি, চারটি বোমা এবং জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) তোবারক হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, শরীফুল ইসলাম তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। নাশকতার উদ্দেশ্যে করা ওই বৈঠক চলাকালে পুলিশ সেখানে হানা দেয় এবং শরীফুলকে অস্ত্র, গুলি, বোমা ও জিহাদি বইসহ আটক করে।