দামুড়হুদায় সন্ত্রাসীদের হামলায় আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাত, মারধর ও বোমা হামলায় আটজন আহত হয়েছে৷ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে৷
আহত ব্যক্তিরা জানান, রাত পৌনে ১২টার দিকে ১২-১৫ জন মুখোশধারী সন্ত্রাসী গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ায় ঢোকে৷ প্রথমে তারা ওই পাড়ার একটি চায়ের দোকানদার এজের আলী ও দোকানে বসে থাকা মইনুল হোসেনকে বেধড়ক মারধর করেন৷ এরপর সন্ত্রাসীরা গ্রামের মাঝের পাড়ায় গিয়ে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে৷
এ সময় স্থানীয় বাবুল আকতারের বাড়ির লোকজন বিষয়টি দেখতে ছাদে উঠলে সন্ত্রাসীরা ছাদ লক্ষ্য করে বোমা হামলা চালায়৷ এতে বাবুল আকতার ও তাঁর স্ত্রী হোসনে আরা, ছেলে শাওন এবং প্রতিবেশী হারুন অর রশিদ আহত হন৷ এরপর গ্রামের তরুণেরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন৷ এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বকুল আহমেদ ও ইস্রাফিল হোসেন নামের দুই তরুণকে কুপিয়ে জখম করে৷ অবস্থা বেগতিক বুঝে অন্য তরুণেরা পিছু হটেন৷