দামুড়হুদায় ইউপি সদস্য কারাগারে
চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিনকে (৪০) গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।দামুড়হুদা উপজেলা নির্বাচন কার্যালয় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় হওয়া মামলায় হাজিরা দিতে গেলে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মোহা. আমীনুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৬ জুন উপজেলার দামুড়হুদা, হাউলী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। পরে তবলা প্রতীক পাওয়া সদস্য পদপ্রার্থীরা তাঁদের প্রতীক পরিবর্তনের দাবি জানান। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান তাঁদের দাবি মানেননি। এতে ক্ষুব্ধ হয়ে আট প্রার্থী নির্বাচন কর্মকর্তাকে ঘুষি ও চড় মারেন। এ সময় তাঁরা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম ও মাহবুব হোসেনকে মারধর ও চেয়ার ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিনই ওই প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা মামলা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই মুকুল কুমার ঘোষ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার অন্যতম আসামি ইউপি সদস্য দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।