দামুড়হুদায় কাল আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে কৌশলে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে হারানো হয়েছে, এই অভিযোগে হরতালের ডাক দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে দামুড়হুদা ডাকবাংলো চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এই হরতালের ঘোষণা দেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
সমাবেশে ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে শহীদুল ইসলামকে কৌশলে হারানোর অভিযোগ আনা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ এবং নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী সময় কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব, যুবলীগের নেতা শফিউল কবির, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিরুল ইসলাম। যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে হরতালে সমর্থনেরও ঘোষণা দেন তাঁরা।