দামুড়হুদায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে গত শুক্রবার রাতে ওয়াজ মাহফিলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২০) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছে স্কুলছাত্র সোহেল রানা (১৪)। সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। ইব্রাহিম উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার সাইদুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। সোহেল রানা একই পাড়ার শহীদুল ইসলামের ছেলে এবং দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর মাদ্রাসা মাঠে শুক্রবার ওয়াজ মাহফিল চলাকালে রাত ১১টার দিকে স্থানীয় দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল রানা ও ইব্রাহিম হোসেন জখম হন। সংঘর্ষের কারণে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়। দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।এই খুনের ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই মাদ্রাসা চত্বর থেকেই উজিরপুর গ্রামের আকবর আলী ও জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের সানোয়ার হোসেনকে আটক করেছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, উজিরপুর গ্রামের মোল্লাপাড়া ও গাংপাড়ার দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।