দামুড়হুদায় দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তদন্ত কমিটি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ওই কমিটি গঠন করেন।এদিকে ঘটনার পর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুরের বিরুদ্ধে অভিযুক্ত দুই শিক্ষককে রক্ষা করার অভিযোগ উঠলেও তাঁকেই প্রধান করে তদন্ত কমিটি গঠন করায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের প্রকল্প সমন্বয়কারী আসমা হেনা বলেন, স্পর্শকাতর ঘটনার তদন্ত বিতর্কিত কাউকে দিয়ে করা ঠিক হবে না। ২১ মার্চ শ্রেণীকক্ষে সহকারী দুজন শিক্ষকের হাতে দুই ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় অব্যাহত উত্তেজনার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা যৌন হয়রানির শিকার দুই ছাত্রী ও এলাকাবাসীর কাছ থেকে ঘটনার বর্ণনা শোনেন।