দামুড়হুদায় দুই শতাধিক আমগাছ হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের বলদেগাড়ি মাঠে দুর্বৃত্তরা পাশাপাশি দুটি আমবাগানের দুই শতাধিক গাছ কেটে ফেলেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শত্রুতা করে গাছগুলো কাটা হয়। বাগানের মালিক দুই সহোদর সানোয়ার হোসেন ও রবিউল ইসলাম এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে ওই দুটি আমবাগানে দেখা যায়, চারা গাছসহ বাগানের বেশির ভাগ গাছই কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছের ডালের কোনো কোনো অংশে আমের গুটি আছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিক রবিউল ইসলাম (৬০) জানান, সাত বছর আগে দুই বিঘা জমিতে আমবাগান করেন। একই সময়ে তাঁর বড় ভাই সানোয়ার হোসেনও (৬৫) দেড় বিঘা জমিতে আমবাগান করেন। গত দুই বছরে তাঁরা দুই ভাই প্রায় তিন লাখ টাকার আম বিক্রি করেছেন। এ বছরও দুই লক্ষাধিক টাকার আম বিক্রি করা যেত।
সানোয়ার হোসেন জানান, দুই বাগানের মোট সাড়ে তিন বিঘা জমিতে ৩৫০টি গাছ রয়েছে। এর মধ্যে দুই শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। বাগানের একটি অংশে নার্সারির জন্য রাখা আমের চারাও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শরীফ উদ্দীন জানান, গ্রামেরই একটি পক্ষ কিছুদিন ধরে মাঠে বিভিন্নজনের খেতের ফসল এবং বাগান ধ্বংসে মেতেছে। তারা অতিসম্প্রতি গ্রামে এ রকম চার-পাঁচটি বাগান ও বেশ কিছু খেতের ফসল কেটে নষ্ট করেছে। দুর্বৃত্তরা এর আগে রবিউল ইসলামের ছেলে শাহবুদ্দীনের ওষুধের দোকানে আগুন ধরিয়ে দিয়েছিল।
শাহবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ পরিবারের কেউ রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও দুর্বৃত্তরা একের পর এক তাঁদের ক্ষতি করে চলেছে। কী কারণে করছে, তা বোঝা যাচ্ছে না। মঙ্গলবার রাতের ঘটনাটি দামুড়হুদা থানার পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। যোগাযোগ করা হলে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, জিরাটের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।