দামুড়হুদায় দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সান্টু (৪৫)।

আজ রোববার বেলা একটার দিকে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল দর্শনা বাসস্ট্যান্ড এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চড়ে জাহিদুল ইসলাম ও কামাল উদ্দিন চুয়াডাঙ্গা থেকে দর্শনায় ফিরছিলেন। পথে লোকনাথপুর এলাকায় পৌঁছালে ইটভাটার মাটিবাহী একটি ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল মারা যান। আহত কামাল উদ্দিনকে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।