দামুড়হুদায় পাল্টাপাল্টি হামলায় একজন নিহত, আহত ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নুরুল হক ও মওলা বক্সের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা ১০টার দিকে মওলা বক্সের ছেলে মাসুম বিল্লাহ মাঠে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের সাত-আটজন লোক তাঁকে কুপিয়ে জখম করেন। মাসুমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে তাঁর পক্ষের লোকজন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নুরুল হকের পক্ষের মহসীন আলীর বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্ত্রী নিলুফা খাতুনকে কুপিয়ে জখম করেন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মহসীন মারা যান।
এ ঘটনায় নিলুফা খাতুন বাদী হয়ে ১৪ জন এবং মাসুমকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রতিপক্ষের আবদুল কুদ্দুস বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন।