দামুড়হুদায় পিটুনিতে এক ব্যক্তি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালীতে গ্রামবাসীর পিটুনিতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চোরাই গরুবোঝাই ট্রাক নিয়ে পালানোর সময় তাঁরা গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আহসান হাবীব জানান, ১০-১২ জনের সংঘবদ্ধ চোরের দল গত মঙ্গলবার রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কয়েকটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে। ওই গরুভর্তি ট্রাক নিয়ে পালানোর সময় পাশের নাপিতখালী গ্রামের বাসিন্দারা তাদের ঘেরাও করে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই চোর চক্রের সদস্য জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকার বাবু হোসেন (২২) নিহত এবংতাঁর তিন সহযোগী গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার কলেজ মোড়ের হোসেন শেখ (৪৫) এবং দামুড়হুদা উপজেলার খাঁপাড়ার হারুন (৩৫) ও পাশের মুক্তারপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮)।