দামুড়হুদায় পুনরায় ভোটের দাবিতে হরতাল আজ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল, পুনরায় ভোট গ্রহণ এবং ইউএনওকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে আজ মঙ্গলবার আধা বেলা হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগ।
১৫ মার্চের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই হরতালের ডাক দেওয়া হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় স্থানীয় থানা মোড়ে দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব, যুবলীগের নেতা শফিউল কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশের আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় ডাকবাংলো চত্বরে সমবেত হন। বিকেল সাড়ে পাঁচটায় সেখান থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়। আন্দোলনের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ১৫ মার্চ অনুষ্ঠিত দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।