দামুড়হুদায় বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে গতকাল শনিবার সকালে বিরোধপূর্ণ জমির একটি বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির পরিবার আবুল কাশেমের বড় ভাই রহমত উল্যাহ ও তাঁর ছেলেদের দায়ী করেছে। আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন, আবুল কাশেমের স্ত্রী মীনা বেগম, ছেলে আয়নাল হক, ইদ্রিস আলী, ফরজ আলী ও মেয়ে পারুল খাতুন এবং বড় ভাই রহমত উল্যাহ, তাঁর স্ত্রী আমেনা এবং দুই ছেলে জয়নাল হোসেন ও আবদুল আলিম।
নিহত ব্যক্তির চাচাতো ভাই শমসের আলী (৪৫) জানান, পৈতৃক সাড়ে চার বিঘা জমি নিয়ে আবুল কাশেম ও রহমত উল্যাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রহমত উল্যাহ বিরোধপূর্ণ জমির বাঁশবাগান থেকে একটি বাঁশ কাটতে যান। এ সময় আবুল কাশেম বাঁধা দিলে উভয়ের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আবুল কাশেমের মেয়ে পারুল খাতুন বলেন, ‘চাচার (রহমত উল্যাহ) সঙ্গে আমার বাবার তর্কাতর্কির একপর্যায়ে চাচার ছেলে জয়নাল দা দিয়ে বাবার মাথা, গলা ও হাতে কোপ মারলে তিনি মারা যান। চাচা ও তাঁর ছেলেরা আমার মা ও তিন ভাইকে কুপিয়ে জখম করেছেন। ঠেকাতে গেলে আমাকেও তাঁরা বেধড়ক পিটিয়েছেন।’ হাসপাতালে চিকিৎসাধীন রহমত উল্যাহ ও তাঁর ছেলে জয়নাল সংজ্ঞাহীন।
রহমত উল্যাহর স্ত্রী আমেনা বেগম বলেন, বাঁশ কাটতে বাঁধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কার কোপে আবুল কাশেম মারা গেছে তা বোঝা যাচ্ছে না। দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, শনিবার বিকেল চারটা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।