দামুড়হুদায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের দামুড়হুদা প্রাইভেট হাসপাতালে গত মঙ্গলবার রাতে ভুল চিকিৎসায় লিপি খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে৷ ওই প্রসূতির স্বজনদের অভিযোগ, কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শরীরে রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু হয়েছে।
লিপি খাতুনের খালা দামুড়হুদা ব্রিজপাড়ার সালিমা বেগমসহ স্বজনেরা এ জন্য হাসপাতালটির অংশীদার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) জাহাঙ্গীর হোসেনকে দায়ী করেছেন। ঘটনা তদন্তে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুল লতিফকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ইনতাজুল ইসলামের স্ত্রী লিপি খাতুন গত ৯ মে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন। মঙ্গলবার বিকেলে শারীরিক দুর্বলতা দেখা দেওয়ায় লিপি তাঁর খালা সালিমা বেগমকে সঙ্গে নিয়ে দামুড়হুদা প্রাইভেট হাসপাতালে যান। সেখানে ক্লিনিকের অংশীদার জাহাঙ্গীর হোসেনকে দেখান। জাহাঙ্গীর ওই প্রসূতির শরীরে রক্ত দেওয়ার উদ্যোগ নেন।
সালিমা বেগম জানান, জাহাঙ্গীর হোসেন স্থানীয় এক যুবককে ডেকে নিয়ে তাঁর দেহ থেকে এক ব্যাগ রক্ত সংগ্রহ করেন এবং তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই লিপির শরীরে দেওয়া শুরু করেনে৷ ব্যাগ থেকে এক-চতুর্থাংশ রক্ত শরীরে যাওয়ার পর থেকে লিপি অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন। পরে লিপিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়৷ হাসপাতালের জরুির বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লিপিকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার অন্তত দেড় ঘণ্টা আগে লিপির মৃত্যু হয়।
অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া গেছে। তবে ক্লিনিকের অংশীদার হারুন অর রশিদ বলেন, ‘যতদূর জেনেছি রোগীটি অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’
চুয়াডাঙ্গার সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি, তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।’