
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মাদক ও বাল্যবিবাহবিরোধী শপথ নিয়েছেন। তাঁরা গতকাল শনিবার এ দুটি সামাজিক ব্যাধিকে একসঙ্গে ‘লাল কার্ড’ দেখান।
দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখা এ উদ্যোগ নেয়।
স্থানীয় সমাজসেবক মো. নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক জসিম উদ্দীন আহমেদ। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন অনুষ্ঠান উদ্বোধন করেন। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ প্রধান বক্তা ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা ও লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহ থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। যেখানে মাদক ও বাল্যবিবাহ, সেখানেই এখন থেকে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য নিজে সচেতন হতে হবে, অন্যদেরও সচেতন করতে হবে।