দামুড়হুদায় যুবলীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক দিন বিরতির পর গতকাল মঙ্গলবার যুবলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। দামুড়হুদার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এর আগে গত রোববার রাতে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব ও আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন জখম হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যুবলীগের নেতা ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউসুফ আলীর সমর্থক কামির হোসেন গতকাল সকাল নয়টার দিকে খাঁপাড়ার মাঠে যাচ্ছিলেন। এ সময় আবু তালেবের পক্ষের লোকজন তাঁকে বেধড়ক পেটায়। এ খবর শুনে ইউসুফের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কুঠিরপাড়ায় আবু তালেবের বাড়িতে হামলা চালায়। আবু তালেবের পক্ষের লোকজন পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় অন্তত ২৫ জন।আহত ব্যক্তিদের মধ্যে আবু তালেবের চার ভাই মোতালেব হোসেন, হাবিব, কাবিল ও জাহিদুল; বিয়াইয়ের ছেলে জাহাঙ্গীর এবং ইউসুফের পক্ষের গোলাম রসুল, কাওছার আলী ও রিপনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোতালেব, হাবিব ও গোলাম রসুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী গতকাল বিকেলে জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ মামলা করেনি।