দামুড়হুদায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গত মঙ্গলবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত গোলাম রসুল (৪৫) মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।চুয়াডাঙ্গার দামুড়হুদার খাঁপাড়ায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব ও আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ আলী ওরফে ইছা মেম্বারের সমর্থকদের মধ্যে গত রবি ও মঙ্গলবার দুই দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত ব্যক্তি জখম হন। আহত ব্যক্তিদের মধ্যে আবু তালেবের দুই ভাই মোতালেব ও হাবিব (৩০) এবং ইছা মেম্বারের পক্ষের রিপন মল্লিক ও গোলাম রসুলকে মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গোলাম রসুল মারা যান।এদিকে গোলাম রসুলের মৃত্যুর খবরে খাঁপাড়ায় গতকাল বুধবার উত্তেজনা দেখা দেয়। প্রতিপক্ষ আবু তালেবের পরিবারের সদস্য ও সমর্থকেরা আত্মগোপন করেছে। গতকাল সকাল থেকেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার আবদুল বাতেন দুপুর একটায় ঘটনাস্থল পরিদর্শন করেন।