দামুড়হুদায় যৌথ টহল দলের ওপর সন্ত্রাসীদের বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর কলম আমবাগানে গতকাল বুধবার ভোরে যৌথ টহল দলের ওপর বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। টহল দলের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, উপজেলার নাটুদহ যৌথ টহল দল (পুলিশ, আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন) টহলের অংশ হিসেবে বুধবার ভোর রাতে শিবনগর আমবাগানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দুই দফায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। টহল দলের সদস্যরা পাল্টা ১১টি গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা ও গুলির আলামত সংগ্রহ করেছে।গত ৮ ও ১০ এপ্রিল উপজেলার বোয়ালমারী গ্রামে যৌথ বাহিনীর টহল দলের ওপর সন্ত্রাসীরা দুই দফা বোমা হামলা চালায়। ১০ এপ্রিল রাতে বোমা হামলার পর পুলিশ গুলি ছুড়লে ফেরদৌস (৩৫) নামের এক চরমপন্থী নিহত হয়।