দামুড়হুদায় ৪৪টি যানকে জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় কাগজপত্রে অসঙ্গতি থাকায় ৪৪টি যানবাহনকে ২৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তরিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার পুলিশ এই কার্যক্রমে সহায়তা করে। দামুড়হুদা ওদুদ শাহ কলেজের সামনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের কার্যক্রম চলাকালে দুই শতাধিক যানবাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক, নছিমন, করিমন, ভটভটি ও মোটরসাইকেল। কাগজপত্রে অসংগতি থাকায় যানবাহনের মালিক ও চালকের বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী ৪৪টি মামলা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ২৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গত রোববার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হন।
গাছে বাসের ধাক্কা, আহত ১০
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে ঢাকাগামী একটি বাস গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন আহত হন। তাঁরা হলেন মেহেরপুর সদরের সালমা খাতুন, আবির হোসেন, উজ্জ্বল হোসেন ও আফরোজা খাতুন; মুজিবনগরের আমিরুল ইসলাম, সোনালী খাতুন ও আমিনুল ইসলাম; চুয়াডাঙ্গার দামুড়হুদার চারুলিয়ার হায়দার আলী; রাজশাহীর বাগমারার শাহরিয়ার হোসেন ও গাজীপুরের পুষ্প রানী। আহত ১০ জনই বাসের যাত্রী ছিলেন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীবুল ইসলাম বলেন, আহত ব্যক্তিরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।