দামে বনিবনা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতারা দাম যাচাই-বাছাই করছেন। ব্যবসায়ীরা যেমন দাম কমাচ্ছেন না, তেমনি ক্রেতারাও দামের সঙ্গে গরু-ছাগলের আকার মিলিয়ে সন্তুষ্ট হচ্ছেন না

গাবতলী পশুর হাটে ঢোকার মুখেই জটলা। উৎসুক জনতা ভিড় করে দুটি ষাঁড় দেখছিলেন, ছবিও তুলছিলেন কেউ কেউ। বেশ লম্বা-চওড়া ষাঁড় জোড়া বিক্রি হয়েছে ৪ লাখ ৪০ হাজার টাকায়। ষাঁড় দুটি মিরপুর ৬ নম্বরের বাড়িতে নেওয়ার জন্য পিকআপ ভাড়া করছিলেন ক্রেতা শরীফ খান।

শরীফ বলেন, ‘বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। তাঁরা শেষ দিনের অপেক্ষায় আছেন। কিন্তু গরু না নিয়ে বাড়ি ফিরতে চাচ্ছিলাম না। কোরবানির পশু দুই-তিন দিন বাসায় না রাখলে ভালো লাগে না। তাই একটু কমবেশি হলেও কিনে ফেলেছি।’

রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী। গতকাল বুধবার হাটে গিয়ে দেখা যায়, মূল হাট ছাড়িয়ে চারপাশের সড়কের ওপরেও সারি সারি পশু নিয়ে বিক্রেতারা অপেক্ষা করছেন। হাটে যথেষ্ট পশু থাকলেও ক্রেতা উপস্থিতি একেবারেই কম। দুপুরের পর থেকে ক্রেতাসমাগম কিছুটা বাড়ে বলে জানান বিক্রেতারা।

বিকেলে ক্রেতাসমাগম বাড়লেও বিক্রি জমেনি। ক্রেতারা দাম যাচাই-বাছাই করছেন। ব্যবসায়ীরা যেমন দাম কমাচ্ছেন না, তেমনি ক্রেতারাও দামের সঙ্গে গরু-ছাগলের আকার মিলিয়ে সন্তুষ্ট হচ্ছেন না। এই দুইয়ে সমন্বয় না হওয়ায় বেচাকেনাও জমে উঠছে না।

গাবতলী মূল হাটের শুরুতেই বড় আকৃতির গরুর সারি। নওগাঁ থেকে ১২টি গরু নিয়ে এসেছেন মো. তৈয়বুর রহমান। গত শুক্রবার হাটে এসেছেন অথচ একটি গরুও বিক্রি হয়নি। একটি বিশাল আকৃতির গরু দেখিয়ে তৈয়বুর বলেন, ‘ছয় মাস আগে ১ লাখ ৮০ হাজার টাকায় কিনছিলাম। খাওয়ানোর খরচ, আনা-নেওয়ার খরচ আছে। ৩ লাখ ৫০ হাজার টাকা দাম চাইছি। ২ লাখ ৫০ হাজারের নিচে বিক্রি করব না।’

হাটে আসা ক্রেতাদের মাঝারি আকৃতির গরু কেনায় আগ্রহ বেশি দেখা যায়। ভিড়ও বেশি ছিল মাঝারি আকৃতির গরুর সারি ঘিরে। ক্রেতারা বলছেন, বিক্রেতারা দাম বেশি চাইছেন। বিক্রেতাদের দাবি, ক্রেতারা দাম একেবারেই কম বলছেন।

কুষ্টিয়ার মিরপুর থেকে চারটি গরু নিয়ে এসেছেন আতাহার মিয়া। সাড়ে চার মণ মাংস হবে দাবি করে একটি মাঝারি আকৃতির গরুর দাম হাঁকাচ্ছেন ১ লাখ টাকা। ক্রেতা ৭০ হাজার দাম বলেছেন। বিক্রি করেননি। আতাহার মিয়া বলেন, ‘৮৫-৯০ বললে দিয়ে দেব। দুইটা বিক্রি হয়ে গেছে। আর দুইটা আজকেই বিক্রি করতে চাই।’

ক্রেতা সাইফুল হক বলেন, ‘এ বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। অন্যান্য বছর এমন আকৃতির গরু ৬৫-৭০ হাজার ছিল। কিন্তু বিক্রেতারা ৮০ হাজারের নিচে দাম বলছে না। হয়তো কাল বা পরশু দাম কমে যাবে।’

হাটের মূল হাসিলঘরের পাশেই সারি সারি খাসি নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছেন। কিছু দুম্বা, উটও রয়েছে বিক্রির অপেক্ষায়। তবে বিক্রেতারা ছোট আকৃতির খাসির দাম চাইছেন ৭-৮ হাজার টাকা। একটু বড় আকৃতির খাসির দাম হাঁকছেন ১২-১৫ হাজার টাকা।