দাম্পত্য কলহ রূপ নিল রক্তারক্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহ রূপ নিল রক্তারক্তিতে। স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্ত্রী। একই সময়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। গত রোববার গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানার পূর্ব নলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (২৮) বালুর ব্যবসা করতেন। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ইয়াসমিনকে (২৪) উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় বলে স্বজনেরা জানান।

নিহত মনিরের চাচা লাল মিয়া বলেন, আট বছর আগে এই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে কলহ লেগেই ছিল। একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের ডেকে সালিস করা হয়েছে। তবে শেষ পর্যন্ত যে তা রক্তারক্তিতে গড়াবে, তা ভাবেনি কেউ।

লাল মিয়া জানান, নিজেদের তিনতলা বাড়িতে স্ত্রী, পাঁচ ও তিন বছর বয়সী দুই পুত্র, বাবা-মাসহ থাকতেন মনির। বালু ব্যবসার কারণে রোববার গভীর রাত পর্যন্ত বাইরে ছিলেন। ট্রাকে বালু উঠিয়ে দিয়ে রাত একটার দিকে বাড়ি ফেরেন। রাত তিনটার দিকে মনিরের বড় ছেলে উঠে তাঁর দাদা-দাদিকে ডাকতে থাকে আর বলতে থাকে ‘বাবা-মা মারামারি করছে’। প্রথমে মনিরের মা লাইলি বেগম ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, দুজনেই রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি চিৎকার করে অন্যদের ডাকেন। মনিরের বাবা ও অন্য ভাইয়েরা এসে তাঁদের দুজনকে প্রথমে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে মনিরকে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ গতকাল সকালে মনিরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর শ্বাসনালি, ঘাড়, দুই গালসহ দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ২৪ বছর বয়সী গৃহবধূ ইয়াসমিনের শরীরেও একাধিক আঘাত রয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, রোববার রাত দেড়টার দিকে মনির বাসায় ফেরেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াসমিন ছুরি দিয়ে মনিরকে আঘাত করেন। মনিরও ছুরি কেড়ে নিয়ে পাল্টা আঘাত করেন। এমন দৃশ্য দেখে তাঁদের দুই ছেলে চিৎকার করলে ওই ভবনে থাকা অন্য স্বজনেরা ছুটে আসেন। বিভিন্ন ফ্ল্যাটে থাকা মনিরের স্বজনেরা ছুটে আসেন।

পুলিশ জানায়, মনিরের পরকীয়া রয়েছে বলে তাঁর স্ত্রী সন্দেহ করতেন। একইভাবে মনিরও স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের বিবাদ লেগেই থাকত।

[প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি]