দাম্পত্য বিরোধের বলি নিষ্পাপ সুমাইয়া!
বছর তিনেক আগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের আবুল হোসেনের (৪৫) সঙ্গে বিয়ে হয় একই উপজেলার কালাচান মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের (১৬)। তবে এক বছরের মধ্যে তাঁদের একটি কন্যাসন্তান হয়। নাম রাখা হয় সুমাইয়া। কিন্তু জন্মের দুই বছরের মধ্যে বাবার সন্দেহ আর অবিশ্বাসের বলি হতে হলো নিষ্পাপ সুমাইয়াকে। গতকাল রোববার সুমাইয়াকে গলা কেটে হত্যা করেন আবুল হোসেন।হত্যার কথা স্বীকার করে আবুল হোসেন ভৈরব থানায় পুলিশ ও সাংবাদিকদের কাছে বলেন, ‘আমি নানা কারণে বউকে বিশ্বাস করতে পারতাম না। এই ক্ষোভ থাইক্কা সন্তানরে মাইরা ফেলাইছি।’ পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁদের দাম্পত্য বিরোধ চরমে ওঠে। গতকাল সকাল নয়টার দিকে সুরাইয়া শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে বাইরে যায়। এ সময় আবুল হোসেন দা দিয়ে গলা কেটে সুমাইয়াকে হত্যা করেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দত্ত প্রথম আলোকে বলেন, ‘গলায় ধারালো অস্ত্র দিয়ে বেশির ভাগ অংশ কেটে ফেলার কারণে শিশুটির মৃত্যু হয়।’ঘটনার পর এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের মরদেহ জড়িয়ে সুরাইয়া বেগম আর্তনাদ করে বলেন, ‘বিয়ের পর থাইক্কা আমার জামাই আমার ওপর এক দিনের জন্য বিশ্বাস করতে পারেনি। নানা অপবাদ দিয়ে মানসিক যন্ত্রণা দিত। কিছু বললে মেরে ফেলার হুমকি দিত।’ তিনি বলেন, ‘এতসবের পরও বিশ্বাস হয়নি—বাবা তাঁর সন্তানকে মেরে ফেলতে পারে।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সুরাইয়া আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।