রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়কের কার্যালয়ে বিয়ে করা ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেই যুবককে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দাম্পত্যজীবনে অনীহা ও ওই নারীর প্রতি কোনো ধরনের অবহেলা দেখালে দণ্ডিত ওই যুবকের জামিন তাৎক্ষণিক বাতিল হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এর আগে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন করেন ওই যুবক। ভুক্তভোগী নারী ওই যুবককে বিয়ে করতে প্রস্তুত আছেন ও তাঁদের আট বছর বয়সী শিশু আছে বলে উল্লেখ করা হয় জামিন আবেদনে। জামিন আবেদনের শুনানিতে গত ২২ অক্টোবর হাইকোর্ট আদেশ দেন। এতে বলা হয়, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ককে বিয়ের আয়োজন করতে নির্দেশ দেওয়া যাচ্ছে, যদি দণ্ডিত ও ভুক্তভোগী নারী সম্মত থাকেন। এ বিষয়ে কারা তত্ত্বাবধায়ককে প্রতিবেদন দিতেও বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহেদ চৌধুরী ও সৈয়দ আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের আদেশের পর ভুক্তভোগী নারী ও দণ্ডিত ব্যক্তির সম্মতিতে ৫ ডিসেম্বর রাজশাহী কেন্দ্রীয় কারা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তাঁদের বিয়ে হয়। বিয়ের বিষয়টি জানিয়ে কারা তত্ত্বাবধায়ক আদালতে প্রতিবেদন দেন। হাইকোর্ট এক বছরের জন্য দণ্ডিত যুবককে জামিন দিয়েছেন। তবে দণ্ডিত ব্যক্তি দাম্পত্যজীবনে অনীহা প্রকাশ করলে এবং ভুক্তভোগী ওই নারীর প্রতি কোনো ধরনের অবহেলা দেখালে দণ্ডিত ব্যক্তির জামিন তাৎক্ষণিক বাতিল হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার এক ব্যক্তির সঙ্গে তাঁর কিশোরী খালাতো বোনের (ভুক্তভোগী) প্রেমের সম্পর্ক ছিল। ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি শারীরিক সম্পর্কে জড়ান। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ে করতে অস্বীকার করেন ওই ব্যক্তি। এ অবস্থায় ২০১১ সালের ২৫ অক্টোবর ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে কিশোরী।
ভুক্তভোগী কিশোরী ২০১১ সালের ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের মা হয়। আর ২০১২ সালের ১২ জুন ওই মামলায় বিচারিক আদালত রায় দেন। এই রায়ে ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যখন ভুক্তভোগী মেয়েটি ধর্ষণের শিকার হয়, তখন তার বয়স ১৪ বছর ছিল বলে রায়ে বলা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন আসামি। এরপর জামিন চেয়ে সম্প্রতি আবেদন করেন দণ্ডিত আসামি, যার ওপর আজ আদেশ হলো। ২০১২ সালে রায়ের পর থেকে দণ্ডিত ব্যক্তি কারাগারে আছেন।