দায় স্বীকার আনসার আল ইসলামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদের ওপর হামলার দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম। তারা নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা বলে দাবি করেছে।
হামলার কয়েক ঘণ্টা পর গতকাল শনিবার রাত নয়টার দিকে নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করে দায় স্বীকার করে আনসার আল ইসলাম। বিবৃতির নিচে সংগঠনের মুখপাত্র হিসেবে মুফতি আবদুল্লাহ আশরাফের নাম রয়েছে।
নিহত ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশের বই ছাপানোর জন্য ফয়সাল আরেফিন ও আহমেদুর রশীদকে ‘নাস্তিক-মুরতাদ’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আজ তারা এ সকল ন্যক্কারজনক কাজের যথাযথ প্রতিদান পেয়েছে।’
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা এই দাবির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখছেন। পাশাপাশি কোন স্থান থেকে টুইট করা হয়েছে, তাও শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত আগস্টে ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে হত্যার দায়ও স্বীকার করেছিল আনসার আল ইসলাম।