দায় স্বীকার করল টিএমএসএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএস পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল) পেপার মিলে অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায় স্বীকার করে নিয়েছে। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। উল্টো পিজিসিএলের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বিসিএল পেপার মিলকে রক্ষা চেষ্টার অভিযোগ উঠেছে।
অনুমোদন ছাড়া বিসিএল পেপার মিলে অনুমোদনের তিন গুণ গ্যাস ব্যবহারের ব্যাপারে প্রথম আলোসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট-পুলিশ চেয়ে পিজিসিএল থেকে তিন দিন আগে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়। তবে গতকাল বুধবার পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি। গ্যাস চুরির আলামত বিসিএল পেপার মিল নষ্ট করেছে কি না, তা খতিয়ে দেখতে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় থেকে পাঠানো দুই সদস্যের দলকে কারখানার বাইরে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল দৈনিক করতোয়া পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে টিএমএসএসের পক্ষে নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বিসিএল পেপার মিলে অতিরিক্ত গ্যাস ব্যবহারের দায় স্বীকার করেন। তবে তিনি এটিকে চুরি না বলে ‘অতিরিক্ত গ্যাস ক্রয়’ বলে দাবি করেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘সরকারের জ্বালানি সাশ্রয় নীতিমালা অনুসরণ করেই তাঁদের পেপার মিলে নিয়মিত বিল পরিশোধ সাপেক্ষে অতিরিক্ত গ্যাস ক্রয় করা হচ্ছে এবং এটাকে কোনোভাবেই চুরি আখ্যা দেওয়া যাবে না।’
তবে গ্যাস আইন ও গ্যাস বিপণন গেজেটের ধারা ১০ ও ধারা ৭.২.৩ (চ) অনুযায়ী, অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহার বিচ্ছিন্নযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ।
নাম প্রকাশ না করার শর্তে পিজিসিএলের একাধিক সূত্র জানায়, বিসিএল পেপার মিলে গ্যাস চুরির ব্যাপারে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর টিএমএসএসকে রক্ষায় মরিয়া খোদ পিজিসিএলের কতিপয় কর্মকর্তা। অভিযোগের আঙুল সবচেয়ে বেশি পিজিসিএলের বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক গোলাম মোরশেদের বিরুদ্ধে। গত শনিবার প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর রোববার টিএমএসএসের অর্থ উপদেষ্টা ও পিজিসিএলের সাবেক এমডি আলী হোসেন গোলাম মোরশেদের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে আসেন। এরপর দীর্ঘক্ষণ ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল গোলাম মোরশেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমডির কার্যালয় থেকে আসা দুই সদস্যের তদন্তকারী দলের প্রধান ও পিজিসিএলের ব্যবস্থাপক শৈলজানন্দ বসাকও ফোন ধরেননি।
তবে পিজিসিএলের এমডি আনিসুল হক প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও পিজিসিএল বোর্ড পর্যন্ত গড়িয়েছে। বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেখান থেকেই। তবে ওই পেপার মিলে অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ ও আলামত কেউ নষ্ট করছে কি না, তা খতিয়ে দেখতে গত সোমবার দুই সদস্যের তদন্তকারী দল পাঠানো হয়েছিল। তদন্ত দলের সদস্যরা মিটারে অবৈধ হস্তক্ষেপ কিংবা অতিরিক্ত গ্যাস ব্যবহারের আলামত নষ্ট করার কোনো প্রমাণ পাননি বলে ফিরে তাঁকে জানিয়েছেন। সেখানে গিয়ে তাঁরা বাধার মুখে পড়েছেন এমনটা তাঁকে বলেননি। গোলাম মোরশেদের সঙ্গে আলী হোসেনের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকের ব্যাপারে ওই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, কোনো বৈঠক নয়; পিজিএলের একজন ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তা অফিসে এসে কথা বলেছেন, এটা দোষের কিছু নয়।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে পিজিসিএল যে চিঠি দিয়েছে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) গত মঙ্গলবার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান বলেন, আজকালের মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।