
চট্টগ্রাম নগরের মুরাদপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন হওয়ার ঘটনায় গ্রেপ্তার চার যুবক আজ শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা ঘটনার দায় স্বীকার করেছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন গিয়াস উদ্দিন (৩০), মো. মাহবুবুল (২৬), মো. সাগর (২৫) ও মাহজারুল ইসলাম ওরফে আরিফ (২৪)। চট্টগ্রাম ও কিশোরগঞ্জের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে গ্রেপ্তার অভিযান শেষ হয় বলে পুলিশ জানায়।
নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি উড়িয়ে দেন। আজ দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জলিল মণ্ডল বলেন, ‘আমরা কারও রাজনৈতিক পরিচয় দেখিনি। রাজনৈতিক পরিচয় আমাদের দেখার দরকার নেই। এদের মূল পরিচয় হচ্ছে, এরা কিলার (হত্যাকারী)।’
তবে গিয়াস উদ্দিনকে ছাড়িয়ে নিতে সরকার-দলীয় এক কাউন্সিলর তদবির করেন বলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘কোনো ধরনের তদবির ছিল না। আসামিদের গ্রেপ্তারে অপারেশন চলছিল। অপারেশন শেষ হওয়ার পর সাংবাদিকদের সামনে এনেছি।’
এ বিষয়ে জানতে চাইলে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, গিয়াস নামে বাকলিয়ায় কোনো যুবলীগ নেতাকে আমি চিনি না। কাউন্সিলরের ঘনিষ্ঠ হলে হতে পারে। তবে যুবলীগের কেউ নয়।
পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, চার যুবকের মূল উদ্দেশ্য ছিল ডাকাতি। ঘুম থেকে জেগে চিৎকার করায় নিরাপত্তারক্ষী ইব্রাহিম বিন খলিলকে তারা খুন করে। এক মাস আগে এই ডাকাতির পরিকল্পনা করে তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গিয়াস ও আরিফকে চট্টগ্রাম থেকে এবং মাহবুবুল ও সাগরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনই আজ মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তার চারজনের সঙ্গে আরও দুজন ঘটনায় জড়িত ছিলেন। এরা হলেন, রায়হান ও মাসুদ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, অর্থ ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত উপকমিশনার এস এম তানভির আরাফাত।