দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধু পরমানন্দ রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি শরিফুল শেখ ‘দায় স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিচারিক হাকিম মামুন উর রশিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দেন শরিফুল শেখ (২৫)। জবানবন্দি শেষে শরিফুলকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান গতকাল প্রথম আলোকে বলেন, শরিফুলকে গত ২৪ এপ্রিল সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। শেষ দিন রোববার তাঁকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
সুশান্ত কুমারের ভাষ্য, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে শরিফুলের সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত প্রমাণ মেলেনি। বিষয়টিতে তদন্ত চলছে। গ্রেপ্তারের সময় তিনি অসংগতিপূর্ণ আচরণ করলেও রিমান্ড চলাকালে তাঁকে সুস্থ দেখা গেছে।
তদন্ত কর্মকর্তা জানান, হত্যা মামলার অপর আসামি শরিফুলের বাবা হান্নু শেখ (৫০) ও চাচা হান্নান শেখ (৪৫) পলাতক।
নিহত পরমানন্দ রায়ের (৭০) ছেলে প্রশান্ত রায় দাবি করেন, ছয় মাস আগে শরিফুল নতুন বাজার পরমানিক বাড়ির মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেন। তবে তখন এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
সাধু পরমানন্দ রায় টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের দক্ষিণ বাসুরিয়া গ্রামের বাসিন্দা। ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ ও ধর্ম আলোচনা করতেন তিনি। গত ২২ এপ্রিল বিকেলে গিমাডাঙ্গা হাট থেকে বাড়ি ফেরার পথে গিমাডাঙ্গা দক্ষিণ পাড়া মল্লিকের সেতুর কাছে ছুরিকাঘাতে আহত হন তিনি।
পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে ২৪ এপ্রিল তিনজনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা করেন সাধুর ছেলে প্রফুল্ল রায়।