দায় স্বীকার করে বাবার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাততলার ওপর থেকে ফেলে নবজাতককে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাবা ফজল হক। আদালতে গতকাল বুধবার দেওয়া ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন, হতাশা থেকেই ওই হত্যার সিদ্ধান্ত নেন তিনি।
গুরুতর অসুস্থ অবস্থায় চার দিন বয়সের ওই নবজাতককে ৬ জুলাই এনাম মেডিকেলে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যাকেন্দ্রে টানা ১৫ দিন চিকিৎসার পর ২২ জুলাই তাকে হাসপাতালটির সাততলার কেবিনে নেওয়া হয়। গত সোমবার ভোরে পাশের একটি ভবনের ছাদে তাকে পাওয়া যায়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ফজলের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন তাঁর শ্বশুর নুরুল ইসলাম। পুলিশ জানায়, ফজলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। সেখানে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ফজল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীনুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, হাসপাতালের বিপুল অঙ্কের চিকিৎসা খরচসহ নবজাতক ছেলের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তিনি হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি তাঁর নবজাতক ছেলেকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি সাততলার কেবিনের জানালা দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেন।
এর আগে গত মঙ্গলবার পুলিশ দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজল নবজাতককে হত্যার দায় স্বীকার করেছেন। তবে তাঁর পরিবার অভিযোগ করে, নির্যাতন করে ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালত ফজলকে গতকাল জেলহাজতে পাঠিয়েছেন।