দায়রা আদালতেও বদির জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ (টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির জামিনের আবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতও নাকচ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা ও জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।
গতকাল জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় সাংসদ আবদুর রহমান বদি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন আবদুর রহমান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা আবদুর রহমান বদি সোমবার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে গতকাল তা শুনানির দিন ধার্য করা হয়েছিল।
আবদুর রহমান বদির জামিনের আবেদন জানিয়ে আইনজীবী নাসরিন সিদ্দিকা ও মাহফুজুর রহমান গতকাল আদালতে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। তিনি কোনো সম্পদের তথ্য গোপন করেননি। এ ছাড়া তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তাই জামিন পেতে পারেন।
দুদকের বিশেষ কৌঁসুলি কবির হোসাইন জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, ২০০৮ ও ২০১৩ সালের সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। দুদক প্রাথমিক অনুসন্ধান করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলা করেছে। তাই জামিনে আপত্তি আছে।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
ওই মামলার এজাহারে বলা হয়, নির্বাচন কমিশনে জমা দেওয়া আবদুর রহমান বদির হলফনামার সূত্র ধরে দুদক অনুসন্ধান করে। তাতে দেখা যায়, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এ ছাড়া দুদকে দেওয়া তাঁর সম্পদ বিবরণীতে অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। দুদক রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দেওয়া আয়কর বিবরণী, বিআরটিএ, রাজউক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, রিহ্যাব, ব্যাংক-িবমার কাগজপত্র পর্যালোচনা করে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে।