দায়সারাভাবে পালিত হলো দিবসটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রামে তেমন কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি মানবাধিকার ও নারী নির্যাতনবিরোধী সংগঠনগুলোকে। এমনকি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও দিনটি উপলক্ষে নগরে কোনো কর্মসূচি পালন করেনি।
শুধু বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরের দোস্ত বিল্ডিংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার ছিল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। গতকাল থেকে শুরু হয়েছে নারী নির্যাতন পক্ষও।
প্রতিরোধ দিবসে কোনো কর্মসূচি না নেওয়ার বিষয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে দিবসটি পালনের বিষয়ে এবার কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
তবে এ বছর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস একসঙ্গে পালনের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। মন্ত্রণালয়ের অধীনে ’জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি শেষে তৃণমূল পর্যায়ের কয়েকজন নারীকে সরকার সম্মাননা দেবে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ওয়াহিদা ইদরিস বলেন, ‘দাতারা চান নারী উন্নয়নবিষয়ক কাজগুলো যাতে শহরের বাইরে হয়। সে কারণে এবার নগরে কোনো কর্মসূচি দিইনি। চট্টগ্রামের পটিয়া উপজেলাতে কয়েকটি এনজিওর সঙ্গে মিলে দিবসটি উদ্যাপন করা হয়েছে।’
মানবাধিকার ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে এমন একটি স্থানীয় সংগঠন হচ্ছে ইলমা। সংগঠনটির প্রধান নির্বাহী জেসমিন সুলতানা জানান, দুই-এক দিনের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি পালনের পরিকল্পনা তাঁদের রয়েছে।