দায়িত্ব নিয়ে ঐক্যের ডাক দিলেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আখতারুজ্জামান বুধবার সকালে দায়িত্ব নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মকর্তারা। ছবি: আসিফুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আখতারুজ্জামান বুধবার সকালে দায়িত্ব নেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মকর্তারা। ছবি: আসিফুর রহমান

দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

আজ বুধবার উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব নিয়েই এই ঘোষণা দেন উপাচার্য। তিনি বলেন, ‘আমার মূল কাজই হবে সবাইকে ধারণ করা। এখানে কে কোন পন্থী, তা উপাচার্যের বিবেচ্য বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও মর্যাদার ব্যাপারে সবাই যেন আমরা সচেতন থাকি, সকলের দায়িত্ব যেন যথাযথ পালন করি, সেটাই চাইব। জাতির জনকের একটি কথা আছে, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”—আমরা যেন এই নীতিটি অক্ষুণ্ন রাখি।’

এ সময় উপাচার্য বলেন, ‘আমাদের অনেকগুলো সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য আগের উপাচার্যদের পদক্ষেপগুলো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আগে যাঁরা কাজ করেছেন, এটি তারই ধারাবাহিকতা হবে। ক্রমান্বয়ে কীভাবে ভালোর দিকে যাওয়া যায়, সে প্রয়াস থাকবে।’

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ডাকসুর বিষয়টি একক কোনো সিদ্ধান্তে হয় না। এটি ব্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো অংশীজনের সিদ্ধান্তের বিষয়। তারপরও এর উদ্যোগ নিতে হবে। আমরা হয়তো সবার সঙ্গে একটা সমন্বয়কের ভূমিকা রাখব।’

অপর এক প্রশ্নের জবাবে মো. আখতারুজ্জামান বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের গবেষণা যেভাবে এগোনোর কথা, সেভাবে হয়তো হয়নি। তার কারণ আমাদের সীমিত পুঁজি। আমাদের বাজেটের সবচেয়ে বড় অংশটা আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে। ফলে গবেষণা বাড়াতে আমাদের এখানে অন্য ধরনের একটি সিদ্ধান্ত দরকার হবে।’

গত ২৪ আগস্ট উপাচার্য হিসেবে আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই সিনেটের বিশেষ অধিবেশন ও উপাচার্য প্যানেল নির্বাচন হয়। কিন্তু পূর্ণ সিনেট গঠন না করে এই নির্বাচন করায় নির্বাচনের আগেই ১৫ জন শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত প্যানেল স্থগিত করেন। কিন্তু এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই সাময়িকভাবে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: