দায়িত্ব পালনকালে কেউ যেন কষ্ট না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা দেওয়ার সময় তাঁদের জনসংযোগের বিষয়টি গুরুত্ব দিতে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তাঁদের আচরণে কেউ যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আজ শনিবার তাঁর কার্যালয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বাংলাদেশ সফরকালে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে ধনী-গরিব সবই আছে। তাঁদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। পাঁচ বছর পর এই জনগণের কাছেই আমাদের ফিরে যেতে হবে। তাই তোমাদের আচরণে কোনো  মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে সব সময় সজাগ দৃষ্টি রাখবে। সব দর্শনার্থীর সম্মান সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার জন্য সব সহযোগী সংস্থার সঙ্গে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, জনগণই প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রণীত ও বাস্তবায়িত হয়। জনবিচ্ছিন্ন থেকে জনসেবা নিশ্চিত করা যায় না।

প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের প্রতি দায়িত্ব ও জনপ্রত্যাশা—এই দুইয়ের মধ্যে সুন্দর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা রেখেই পেশাদারির পরিচয় দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাতেই তোমাদের সার্থকতা।’ তিনি সদস্যদের সামাজিক ও পারিবারিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘উন্নত নৈতিক চরিত্র, পরিবারের প্রতি দায়িত্বশীলতা, নিয়মনিষ্ঠা, সততা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক গুণাবলির প্রতি তোমাদের অবশ্যই আরও যত্নবান হতে হবে।’

প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বাহিনীর সদস্যরা তাঁদের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। তিনি বলেন, এই বাহিনীর আনুগত্য, পেশাদারি ও দক্ষতা প্রশংসনীয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান, জ্যেষ্ঠ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ আমান হাসানও বক্তব্য দেন। বাসস।