দায়িত্বপ্রাপ্তির আগেই সিলেটের মেয়রের গাড়ি ব্যবহারের কারণ জানতে চিঠি
দায়িত্ব নেওয়ার আগেই সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী কার অনুমতি নিয়ে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করেছেন, সে বিষয়ে সিলেট সিটি করপোরেশনের কাছে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সাত দিনের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে। আদেশে সই করেছেন জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ।
আদেশে গত ২১ জুলাই সিটি করপোরেশনের গাড়িটি কেন ঢাকায় ছিল, কী কাজে ব্যবহার করা হচ্ছিল, কে ব্যবহার করছিলেন এবং তা ব্যবহারের অনুমোদন কে করেছেন, তা সুস্পষ্টভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ঢাকায় সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে বহনকারী গাড়িতে আগুন লাগে। ওই গাড়িটি ছিল সিটি করপোরেশনের একটি পাজেরো জিপ। ওই পাজেরো জিপ নিয়েই আরিফুল হক চৌধুরী শপথ নেওয়ার জন্য ঢাকায় আসেন। শপথের পর ঢাকার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারত শেষে হোটেলে ফেরার পথে কাকরাইল মোড়ে ওই গাড়ির চাকায় আগুন লাগে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রেকারের সাহায্যে পাজেরোটি ওয়ার্কশপে নেওয়া হয় এবং মেয়র অন্য একটি গাড়িতে করে গন্তব্যে পৌঁছান। অগ্নিকাণ্ডের সময় জিপে মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক ও সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ছিলেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দায়িত্ব পাওয়ার আগেই তিনি সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করতে পারেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, আরিফ ক্ষমতার অপব্যবহার করে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত এই মেয়র আইন অনুযায়ী দায়িত্ব গ্রহণ করবেন আগামী ১৮ সেপ্টেম্বর।