প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের দায়িত্ব অনেক। গণতন্ত্র সুসংহত করতে দায়িত্ববোধ নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ৫২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইকবাল সোবহান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা গণহত্যা করেছিল তারা সব সময় দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে এসব বাধা ঠেলে এ দেশ এগিয়ে যাবেই। কেউ বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
উপদেষ্টা বলেন, মানুষের অধিকার, অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং সব ধর্মের মানুষের সহাবস্থানের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে। ভেদাভেদ, মতামতের ভিন্নতা ভুলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ।
৫২ বছর পূর্তি উপলক্ষে কৃতী সাংবাদিক ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন সাহিত্যিক রমা চৌধুরী, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, সিদ্দিক আহমেদ ও পংকজ দস্তিদার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে রমা চৌধুরী বলেন, ‘আমি আমার দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি।’
প্রেসক্লাবের পূর্তি উৎসবে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়। এতে যুগ্মভাবে প্রথম হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার পংকজ দস্তিদার ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মিলাদ। দ্বিতীয় সেরা প্রতিবেদনের পুরস্কারও যুগ্মভাবে পেয়েছেন প্রথম আলোর সহসম্পাদক আশরাফ উল্লাহ ও কালের কণ্ঠ-এর নুপূর দে। ইলেকট্রনিকস মিডিয়ায় সেরা হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম বিভাগের আবাসিক প্রধান মামুন আবদুল্লাহ। এ ছাড়া ছয়জন আলোকচিত্রীকেও সেরা ছবির জন্য পুরস্কার দেওয়া হয়েছে।