দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি ত্বকী মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার স্কুলছাত্রী উম্মে হাবিবা শ্রাবণী আত্মহত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা শ্রাবণী আত্মহত্যা করে। ওই দিন সকালে বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় তার বিরুদ্ধে নকলের অভিযোগ এনে কিছু শিক্ষক তাকে মারধর করেন। এরপর লাঞ্ছিত করে স্কুল থেকে বহিষ্কার করা হয়। নিহতের পরিবার অভিযোগ করেছে, ছাত্রীটিকে মারধর করে স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে নিয়ে ঘোরানো হয় এবং স্কুলের মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রেখে পরে তাকে বহিষ্কার করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে হাবিবা আত্মহত্যার পথ বেছে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উম্মে হাবিবার বাবা হাবিব উলাহ্ ১৪ ডিসেম্বর হাবিবাকে নির্যাতনকারী শিক্ষক নাসরীন বেগম ও কামরুল হক সিদ্দিকীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যার বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হলেও অপরাধীদের কেউ গ্রেপ্তার হয়নি।