মাগুরা সদর উপজেলার মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুপা বিশ্বাসের (২০) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীর বিচারের দাবিতে গতকাল বুধবার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে তাঁরা স্মারকলিপি দেন।
সোমবার শহরের কলেজপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুপার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রুপার লেখা একটি চিঠিও জব্দ করা হয়। চিঠিতে রুপা আত্মহত্যার জন্য স্বামী দুলাল শিকদারকে দায়ী করেন এবং স্বামীর নির্যাতনের চিত্র তুলে ধরেন। পুলিশ দুলালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় রুপার বাবা প্রফুল্ল বিশ্বাস আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দুলালের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
জানা গেছে, প্রায় ১০ মাস আগে পছন্দ করে রুপাকে বিয়ে করেন দুলাল শিকদার। তাঁর আগের স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী রুপাকে নিয়ে তিনি মাগুরা শহরের কলেজপাড়ায় ওই বাড়িতে ভাড়া থাকতেন। রুপা মাগুরা পিটিআইয়ে দেড় বছরের ডিপিএড প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুলাল গত রোববার রুপাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন দুপুরে প্রতিবেশীরা রুপার ঘরের দরজা-জানালা বন্ধ দেখে পুলিশে খবর দেন।