নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সুবর্ণ গ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ কায়েসের ওপর হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বেলা ১১টায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকারের জেলা সমন্বয়ক বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল, আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম কবির ইউ চৌধুরী, অধিকারের কর্মী ধীমান সাহা প্রমুখ।
রামচন্দ্রপুরায় বৃহস্পতিবার দুপুরে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদী থেকে বালু সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করে। তিন ঘণ্টা পর সোনারগাঁ থানার পুলিশ মেঘনা থানার পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে।