‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের’ নামে প্রতারণার অভিযোগে দারাদ আহমেদকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মৌলভী-বাজারের বড়লেখা পৌর শহরের নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।গতকাল রাত আটটা পর্যন্ত দারাদকে জিজ্ঞাসাবাদ করছিল বড়লেখা পুলিশ।দারাদের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে। তিনি বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, দারাদ ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার নামে প্রয়াত জাপানি অধ্যাপক কাযুও আজুমা এবং আজুমার স্ত্রী কেইকো আজুমার কাছ থেকে প্রতারণা করে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নেন। এ নিয়ে গত ২৮ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘জাপান বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণা’ শিরোনামে ছবিসহ দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। আজুমা দম্পতি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ পাঠান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি পুলিশকে নির্দেশ দেওয়া হয়।বড়লেখা থানার পুলিশ সূত্র জানায়, দারাদকে আটকের পর কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর বড়লেখা থানায় গিয়ে দারাদকে জিজ্ঞাসাবাদ করেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, দারাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির বড়লেখা উপজেলা কমিটির সভাপতি আবদুল হাফিজ বলেন, ‘প্রতারণার খবর সংবাদপত্রে প্রকাশের পর আমরা সভা ডেকে দারাদকে দায়িত্ব (সাধারণ সম্পাদক) থেকে অব্যাহতি দিয়েছি। কেন্দ্রের মহাসচিবও তা অনুমোদন করেছেন। দারাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’ এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও দারাদের স্ত্রী ও বড় ভাইয়ের বক্তব্য পাওয়া যায়নি।