দারাদকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণার ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে দারাদ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।এদিকে দারাদকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রাক্তন ছাত্ররা। একই সঙ্গে তাঁরা সরকারি উদ্যোগে জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণেরও দাবি জানিয়েছেন। গত শনিবার জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেইউএএবি) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে।বড়লেখা উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। ১০১ সদস্যের কমিটির ৮৭ জন তাতে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দারাদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের জন্যও কেন্দ্রে একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাফিজ প্রথম অলোকে বলেন, ‘বৈঠকে অংশগ্রহণকারীরা বলেছেন, দারাদ যা করেছেন তাতে দেশ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’শনিবার দারাদের গ্রেপ্তার দাবি করে একটি বিবৃতি পাঠায় জেইউএএবি। এতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান। রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক কাযুও আজুমা বাংলা ভাষা ও সংস্কৃতির একজন সেবক। বঙ্গবন্ধুর জাপান ভ্রমণের সময়ও তিনি তাঁর দোভাষী ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার নামে সাড়ে ছয় কোটি টাকা আত্মসাৎ করে দারাদ বাংলাদেশের ঐতিহ্য, সম্মান ও গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশকে জাপানি জাতির কাছে হেয় করেছেন। বিবৃতিতে তারা দারাদ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানিয়েছেন।