দারাদের বিরুদ্ধে মামলা পরে জামিনে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের’ নামে প্রতারণার অভিযোগে দারাদ আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত অস্থায়ী জামিন দিলে দারাদ মুক্তি পান।দারাদের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। জাপানে বসবাস করার সময় দারাদ বড়লেখায় ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার নামে প্রয়াত জাপানি অধ্যাপক কাযুও আজুমা এবং আজুমার স্ত্রী কেইকো আজুমার কাছ থেকে প্রায় ছয় কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। বাহারপুর গ্রামের মসজিদের ছবি তুলে সেগুলো আজুমা দম্পতির কাছে পাঠিয়ে ‘জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র’ বলে চালানোর চেষ্টা করেন দারাদ। এ নিয়ে গত ২৮ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘জাপান বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের নামে প্রতারণা’ শিরোনামে ছবিসহ দুটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচিত হয়। এই অভিযোগে দারাদকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি।পুলিশ সূত্র জানায়, গত সোমবার বেলা ১১টার দিকে বড়লেখা পৌর শহরের নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ এলাকা থেকে দারাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বড়লেখা থানার পুলিশ। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী বাদী হয়ে দারাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করেন। আদালত সূত্র জানায়, গতকাল দুপুর একটার দিকে দারাদকে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ফারুক উদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় দারাদের পক্ষে তাঁর আইনজীবী আদালতের কাছে জামিনের আবেদন করেন। আদালত ২০ লাখ টাকা বন্ডে দারাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। দুপুর সোয়া একটার দিকে জামিনে ছাড়া পান দারাদ।