দারিদ্র্য ও প্রতিবন্ধিতাকে জয়ের পথে আতিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় পোলিও রোগে আক্রান্ত হয়ে বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার বোরাইপাড়ার আতিকুর রহমানের ডান হাত ও কোমর থেকে নিম্নাংশ অচল হয়ে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা আজহার আলী রিকশা চালিয়ে কোনো রকমে সংসার চালান। দরিদ্র পরিবারের সন্তান আতিকুর রহমান প্রতিবন্ধিতাকে জয় করে এবার বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, পৃথক একটি কক্ষের মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে আতিকুর। পরীক্ষা শেষ হওয়ার পর কথা হয় তার মা জুলেখা বেগমের সঙ্গে। তিনি জানান, আতিকুর ছাত্র হিসেবে ভালো। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় সে অসুস্থ হয়ে পড়ে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে বসতবাড়ির জমি বিক্রি করে ভারতে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। ভারত থেকে ফিরে আতিকুর বাড়িতে বিছানায় শুয়ে সময় কাটাত। পরে পড়াশুনা করার জন্য সে চাপাচাপি করতে থাকে। চার বছর পর তাকে আবারও দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করানো হয়। সে ট্রাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করত। মাসে ৩০০ টাকা প্রতিবন্ধী-ভাতা ছাড়া আর কোনো সুবিধা পায়নি সে। তার চলার একমাত্র ট্রাইসাইকেলটি আট বছর আগে একটি প্রতিবন্ধী সংস্থা দিয়েছে। পুরোনো ওই সাইকেল এখন প্রায় নষ্ট হয়ে গেছে। টাকার অভাবে তা মেরামত করা যাচ্ছে না।দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ বলেন, ‘আতিকুরের জন্য উপবৃত্তির তালিকায় নাম দিয়েও কোনো লাভ হয়নি। আমরা তার মাসিক বেতন মওকুফ করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।’ওই কেন্দ্রের কেন্দ্রসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল ইসলাম বলেন, বিদ্যালয়ে প্রতিবন্ধীদের বসার কোনো ব্যবস্থা নেই। তাই ওর পরিবারের সঙ্গে কথা বলে পৃথক একটি কক্ষের মেঝেতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।