দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে এক শতাংশ ধনী মানুষের শাসন বন্ধ করতে হবে। বঞ্চিত-নিপীড়িত ৯৯ শতাংশ মানুষের শাসন কায়েম করতে হবে। গড়ে তুলতে হবে দারিদ্র্য ও সব ধরনের বৈষম্যমুক্ত বিশ্ব। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে আয়োজিত দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের সমাপনী দিনে বক্তারা এ আহ্বান জানান। বিশ্বের ৪০টি দেশের ৫০০ জনসহ ১০ হাজার সামাজিক আন্দোলনকর্মী এ ফোরামে যোগ দেন। সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষণা পাঠ করেন ভারতের সামাজিক আন্দোলনকর্মী অমিত সেন। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ওয়ালস্ট্রিট দখল করো’ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের হাত ধরে সামাজিক আন্দোলন নতুনভাবে শুরু হয়েছে।’ অমিত সেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে এই আন্দোলন আরও শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিশ্ব সোশ্যাল ফোরামের অন্যতম সংগঠক চিকো টাঙ্গুয়া বলেন, ‘পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ আজ বঞ্চিত। বাকি এক শতাংশ ধনী মানুষ আমাদের শাসন করছে। তারা এটা পারছে, কারণ আমরা নিজেরা বিভাজিত।’ সোহ্রাওয়ার্দী উদ্যানে (তখনকার রেসকোর্স) বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন উল্লেখ করে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘এই উদ্যান থেকে আমরা দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকার করছি।’ ফোরামের সহ-আয়োজক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, দক্ষিণ এশিয়ায় প্রকৃত গণতান্ত্রিকব্যবস্থা প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের বিকল্প নেই। ফোরামের আহ্বায়ক হিলালউদ্দিনের সঞ্চালনায় ভারত, পাকিস্তান, ব্রাজিল, শ্রীলঙ্কা, নেপাল, ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তব্য শেষে বাংলাদেশের স্বাধীনতার প্রতি সংহতি জানিয়ে ও ’৭১-এর গণহত্যার প্রতিবাদে প্রদীপ প্রজ্বালন করা হয়।অনিয়ন্ত্রিত পুজিবাদ ও বিশ্বায়নবিরোধীদের কাছে তীব্রভাবে সমালোচিত সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বিরুদ্ধে ২০০১ সালে ব্রাজিলে নাগরিক সমাজের সংগঠন হিসেবে বিশ্ব সোশ্যাল ফোরামের যাত্রা শুরু হয়। পরে এর বিভিন্ন আঞ্চলিক শাখা গঠিত হয়।এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো সিনেট ভবনে কৃষিশ্রমিকের অধিকার নিয়ে অধিকার মঞ্চ এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নারীর কাজকে অর্থনৈতিক স্বীকৃতি দিলে জাতীয় আয় বাড়বে।