দারিদ্র্য ও সাম্প্রদায়িকতার বোমা নিষ্ক্রিয় করার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

শান্তির দক্ষিণ এশিয়া গড়তে দারিদ্র্য ও সাম্প্রদায়িকতার বোমা নিষ্ক্রিয় করার বিকল্প নেই। আর এ কাজে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরাম (সাজাফ) আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বাংলাদেশ তার চলার পথে জঙ্গি-সাম্প্রদায়িকতার বাধা পেলেও শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আবার নিজের পথে হাঁটছে।’

ঔপনিবেশিক, পাকিস্তানি ও গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় গণমাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করে ইনু বলেন, সমগ্র দক্ষিণ এশিয়াকে দারিদ্র্য, সাম্প্রদায়িকতা ও পরমাণু বোমা থেকে মুক্ত করতে এই মুহূর্তে গণমাধ্যমকর্মীদের সক্রিয়তর ভূমিকা একান্ত জরুরি।