
শরিফা খাতুনের বাবা নেই। মা করেন ঝিয়ের কাজ। মায়ের সঙ্গে পাঁচ ভাইবোনকে নিয়ে সে থাকে অন্যের জমিতে ভাঙা ঘরে। সব প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় বৃত্তি পেয়েছে। এবার সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হলাইজানা এমএ ফাজিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। শরিফার বাড়ি নবাবগঞ্জ উপজেলার হলাইজানা মৌলভীপাড়ায়।
দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে সাফল্য ছিনিয়ে আনার দলে শরিফা একা নয়, আরও আছে রাজবাড়ীর কালুখালী উপজেলার বড়ইচারা গ্রামের রিপন মাহমুদ, বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের সুজন সরদার, নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব খুঁটামারা চেয়ারম্যানপাড়া গ্রামের শাহিন মিয়া।
সংকল্পে অনড় শরিফা: শরিফার মা লাইলি বেগম বলেন, ‘হামার পাঁচটা ছাওয়ালেরই পড়াশোনার প্রতি ঝোঁক। কিন্তু মানসের বাড়িত কাজ করে পেটের খাবারটাই জোগবার পারো না। খায়ে না খায়ে শরিফা পড়ছে। মা হামার মুখটা উজ্জ্বল করছে।’ শরিফা বলে, ‘পাঁচ ভাইবোনের মধ্যে আমি তৃতীয়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবা ক্যানসারে মারা যান। বিনা চিকিৎসায় বাবার মৃত্যু আমাকে তাড়া করে। মনে মনে সংকল্প করি, যত বাধাই আসুক, পড়াশোনা আমি চালিয়ে যাবই। বড় হয়ে চিকিৎসক হব।’
নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক জানান, শরিফা নবাবগঞ্জের ৩৯টি মাদ্রাসার মধ্যে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।
কাঠমিস্ত্রির কাজ করত রিপন: রাজবাড়ীর কালুখালী উপজেলার বড়ইচারা গ্রামের রিপন বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করত। এ কাজ না থাকলে সে কৃষিজমিতে শ্রম খাটত। এরপরও কালুখালীর মৃগী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে সে। তার বাবার নাম ইউনুস আলী মণ্ডল। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রিপন সবার বড়। মেজ বোন অষ্টম শ্রেণি ও ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। রিপন ২০১০ সালে পিএসসি ও ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। তার স্বপ্ন প্রকৌশলী হবে।
রিপনের বাবা ইউনুস আলী বলেন, ‘ভালো ফলাফল করলেও রিপনকে একটা ভালো জামা কিনে দিতে পারেন নাই। প্রত্যন্ত অঞ্চলে থাকি। এখানে কাজও তেমন থাকে না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী জানান, রিপন সৃজনশীল মেধা বিকাশ প্রতিযোগিতায় গত বছর ঢাকা বিভাগে প্রথম হয়েছিল।
দিনমজুরি করেছে সুজন: বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের দিনমজুর সোবাহান সরদার ও বিউটি বেগমর তিন সন্তানের একজন সুজন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার প্রবল ঝোঁক ছিল। মা তার অসুস্থ হয়ে পড়লে ২০১০ সালে সোবাহান তাঁর বড় ছেলে তুহিন সরদার ও মেজ ছেলে সুজনকে পড়াশোনা ছেড়ে দিনমজুরি করতে বলেন। দিনমজুরি শুরু করলেও পড়াশোনা ছাড়েনি সুজন। সে এবার এসএসসি পরীক্ষায় বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে।
সুজন জানায়, ২০১০ সালেই পিএসসি পরীক্ষায় বৃত্তি পেলে তার মনোবল বেড়ে যায়। বাবা ও বড় ভাইয়ের সঙ্গে দিনমজুরি করার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হয়। ২০১৩ সালে জেএসসিতেও বৃত্তি পায়। সুজন বলে, ‘কত দিন গেছে, পেট ভইররা দুটো ভাত খাইতে পারি নাই। মোর কোনো প্রাইভেট মাস্টার ছিল না। বই-খাতা কিনতে পারি নাই। অন্যের বাড়িতে কাম কইররা, প্রাইভেট পড়াইয়া বাড়ি ফিরছি গভীর রাতে।’
সুজনের সাফল্যে তার বাবা সোবাহান কাঁদতে কাঁদতে বলেন, ‘মুই অভাবের লাইগ্যা ভুল করছি। রাগ কইররা বাজানরে দিনমজুরের কামে নিছি। কত কষ্ট কইররা লেহাপড়া করছে। আজ আল্লা মোগো দিকে রহম করছে।’
এতিমখানায় থেকে পড়েছে শাহিন: নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে শাহিন মিয়া। তার বাড়ি জলঢাকা উপজেলার পূর্ব খুঁটামারা চেয়ারম্যানপাড়া গ্রামে। এক শতাংশ ভিটের ওপর একটি ছোট্ট কুঁড়েঘর। এটিই শাহিনদের বাড়ি। মা শাহিদা বেগম পাশের বাড়িতে ঝিয়ের কাজ করেন। শাহিদা বলেন, শাহিন যখন অনেক ছোট, তখনই ওর বাবা মারা যান। এরপর তিনিই ঝিয়ের কাজ করে সংসার চালিয়েছেন।
শাহিন বলে, ছোটবেলায় সে হোটেলে কাজ করেছিল। সেখান থেকে নয় বছর বয়সে মা তাকে নীলফামারী সরকারি শিশু পরিবারে দেন। সেখান থেকেই তার পড়াশোনা চালিয়ে যাওয়া। কিন্তু নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষে সরকারি শিশু পরিবার থেকে তাকে ফিরে আসতে হয় মায়ের কাছে। এখন সে কলেজে ভর্তির টাকা কীভাবে জোগাড় করবে, এ নিয়ে দুশ্চিন্তায় আছে।
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী বলেন, অনেক প্রতিকূল অবস্থায় থেকেও ছেলেটি এত ভালো ফলাফল করেছে।
{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন রাজবাড়ী, নীলফামারী, বিরামপুর (দিনাজপুর) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি}