দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ বিশ্বব্যাপী অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করলেও ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে পারেনি। এই বৈষম্য কমাতে এবং দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখতে হলে অতিদরিদ্র জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করতে হবে।
‘জাতীয় বাজেট ২০১৫-১৬: দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর প্রত্যাশা ও আইনপ্রণেতাগণের ভূমিকা’ শীর্ষক আলোচনায় মন্ত্রী, সাংসদ ও বিশেষজ্ঞরা গতকাল শনিবার এই মত প্রকাশ করেছেন। হোটেল সোনারগাঁওয়ে সর্বদলীয় সংসদীয় দল (এপিপিজি) এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নকে টেকসই করতে হলে গ্রামীণ অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়াতে হবে। উন্নয়নমূলক খাতে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে হবে। এতে গ্রামীণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশের বিশেষ বিশেষ এলাকার অতিদরিদ্র নারী শ্রমিক, চা-শ্রমিক, দলিত শ্রেণি, প্রতিবন্ধী, পথশিশু ও পরিচ্ছন্নতাকর্মীরা এখনো বাজেট পরিকল্পনার বাইরে আছে। সাংসদদের উদ্দেশে তিনি বলেন, গ্রামীণ মানুষকে সামাজিক পুঁজি গঠনে সহায়তা করতে হবে। দাপট নয়, সবার সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে গ্রামের মানুষের কর্মসংস্থান হয়েছে এবং দারিদ্রে৵র হার কমেছে। কিন্তু ধনী-দরিদ্রের বৈষম্য বিদ্যমান রয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চা-শ্রমিক, দলিত শ্রেণিসহ আরও অনেক অতিদরিদ্র জনগোষ্ঠী বাজেটে সরকারের সুদৃষ্টি পায় না। ২০১৮ সালের মধ্যে দারিদ্রে৵র হার ১৩ শতাংশে নেমে আসবে। যেটুকু বাকি থাকবে তা কেন্দ্রীয় সরকারের পক্ষে দূর করা সম্ভব হবে না। সে জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ দরকার। শতভাগ দারিদ্র৵ দূর করার জন্য স্থানীয় সরকারকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, কার্যকর বাজেট প্রণয়ন করতে হলে এর সঙ্গে সাংসদদের সম্পৃক্ত করতে হবে। তাতে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
বিশেষ অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এখন যে বাজেট হয় তাতে আঞ্চলিক বৈষম্য প্রকট। এটা কমানোর জন্য এমন একটি অনুষ্ঠান করতে হবে, যেখানে অর্থমন্ত্রী ও অর্থসচিব সারা দিন বসে থাকবেন।
সেন্টার ফল পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দারিদ্র্য ৩০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা সহজ। কিন্তু ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা কঠিন। সে জন্য অতিদরিদ্রদের চিহ্নিত করে বাজেট প্রণয়ন করতে হবে।
সাংসদ ইসরাফিল আলমের সভাপতিত্বে এ আলোচনায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, আবদুর রাজ্জাক, দীপু মনি, মোতাহার হোসেন, শওকত আলী, ওয়ারেসাত হোসেন, রুস্তম আলী ফরাজী, শিরিন আখতার, পংকজ নাথ, ডিএফআইডি, বাংলাদেশের (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ামন টেলর, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আবাসিক প্রতিনিধি জন কিলকেনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিপিজির সেক্রেটারি জেনারেল শিশির শীল।