দারিদ্র্য ঠেলে আলোর পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বিশ্বাস,মোহসিনা,তাসলিমা আক্তার,এমরান হোসেন
স্বাধীন বিশ্বাস,মোহসিনা,তাসলিমা আক্তার,এমরান হোসেন

রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকসামগ্রী কুড়িয়ে তা বিক্রির আয় দিয়ে সংসার চলে না আট সদস্যের ফরিদুর রহমানের। তাই এসএসসিতেই থেমে যায় তাঁর প্রথম দুই সন্তানের পড়াশোনা। তবে এই দারিদ্র্যই তৃতীয় সন্তান তাসলিমার মানুষ হওয়ার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। কখনো বয়স্কশিক্ষা বিদ্যালয়ে পড়িয়ে, কখনোবা সুই-সুতার সেলাইয়ের আয়ে চালিয়ে গেছে পড়াশোনা। এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে সে।
তাসলিমার মতো এমন স্বপ্নজয়ের শপথ দরিদ্র পরিবারের সন্তান এমরান, স্বাধীন ও মোহসিনারও। পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে দারিদ্র্যকে পেছনে ঠেলে তারাও যে নিজেদের নাম লিখিয়েছে অদম্য মেধাবীর তালিকায়।
হাওরের ‘বাতিঘর’ তাসলিমা: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের হক সাহেব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিমা। স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী বলেন, ‘বিজ্ঞান বিভাগ থেকে পাস করা তাসলিমা উপজেলার একমাত্র গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। কখনো খেয়ে, কখনো না খেয়েই মেয়েটি এত ভালো ফল করেছে। এ কারণে এখন সে আমাদের কাছে হাওরের বাতিঘর।’
তাসলিমার বাড়ি দেউঘর ইউনিয়নের কাগজি গ্রামে। একসময় অনেকের মতোই তাদেরও হাওরে ফসলি জমি ছিল। উঠত গোলাভরা ধান। ব্যবসায় উন্নতি করতে না পেরে বাবা ঋণগ্রস্ত হওয়ার পর সব শেষ। এ কারণে নবম শ্রেণিতে ওঠার পর পড়ার খরচ জোগাতে একটি বয়স্কশিক্ষা বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নিতে হয় তাকে। পরে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে আবার অনিশ্চয়তায় পড়ে সে। শেষমেশ সেলাইয়ের কাজের আয় দিয়ে অনিশ্চয়তা কাটিয়ে এ সাফল্য অর্জন করেছে তাসলিমা।
কষ্ট হলেও এখন আর কষ্ট নেই, জানাল তাসলিমা। চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। বিস্তীর্ণ হাওরের বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার মতোই অর্থকষ্ট তার এ স্বপ্নেও বিচ্ছিন্নতা সৃষ্টি করে কি না—এমন শঙ্কায় এখন দিন কাটছে তার।
রাজমিস্ত্রির সহকারী এমরান: ‘ওর বাবা তো সারা দিন রিকশাভ্যান চলায়। যে ট্যাকা কামায় সেডা দিয়্যা কোনোমতে সংসার খরচটা চলায়। ছলের লেকাপড়ার খরচ দিবার পারে না। তাই সময় পালেই ছলডা হামার রাজমিস্ত্রির হেলপারের কাম করে। এতে ওর স্যারের বেতন, খাতা-কলম আর পোশাকটা হয়।’
কথাগুলো বলছিলেন বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. এমরান হোসেনের মা আঞ্জুয়ারা বেগম। তিনি আরও বলেন, ‘টাকার অভাবে একবার ওর পড়ালেকা বন্ধ হয়্যা গেছলো। ছলডা খাওয়া-দাওয়া ছ্যাড়া দিছলো। পরে নিজেই কাম কর্যাঞ সেই ট্যাকা দিয়্যা পড়ালেকা করিচে।’
এমরান তালোড়া শাবলা পশ্চিমপাড়া গ্রামের মো. ইয়াছিন আলীর ছেলে। দুই ভাই, এক বোন। মাটির দুই ঘরের একটিতে থাকে এমরান। শোয়ার চৌকি ছাড়া পড়ার চেয়ার-টেবিল নেই। এমরান জানায়, এক চাচাতো ভাই গ্রামের ভাটায় ইটকাটার কাজ করে আজ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়েন। তাঁকে দেখে উৎসাহিত হয়ে রাজমিস্ত্রির জোগালের (সহকারী) কাজ করে পড়ার খরচ জোগাড় করেছে সে-ও।
সৎ মানুষ হতে চায় স্বাধীন: বাবা রেজাউল করিম বিশ্বাস অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে দৈনিক ২০০ টাকা হাজিরায় দিনমজুরের কাজ করেন। ৪০ দিনের কাজ ফুরিয়ে গেলে হকার বা ফেরি করে বিস্কুট-পাউরুটি বিক্রি করে কোনোরকমে সংসার টানেন। এ চরম আর্থিক অনটনের মধ্যেও তাঁর ছেলে স্বাধীন বিশ্বাস পাবনার ঈশ্বরদীর পাকশী নর্থবেঙ্গল পেপার মিল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। অষ্টম শ্রেণিতেও বৃত্তি পেয়েছে সে।
এত ভালো ফলাফলের পরও অদম্য মেধাবী স্বাধীনের চোখ-মুখে হতাশার ছাপ। এবার কলেজে ভর্তি, আবার পড়ালেখা, সংসার চালানোর দুশ্চিন্তায় তাকে পেয়ে বসেছে। ছোট্ট সংসারে বাবা-মা ও স্কুলপড়ুয়া বোন তার। থাকার জন্য এক টুকরো বসতভিটা ছাড়া জমিজমা বলতে কিছু নেই।
সম্প্রতি স্বাধীনদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাঁশ ও টিনের তৈরি দুটি কক্ষের কাঁচা ঘরে তাদের বসবাস। ঘরে দুটি বিছানা, কিছু হাঁড়ি-পাতিল এবং জামাকাপড় রাখার একটি আলনা। কথা হয় স্বাধীনের বাবা-মায়ের সঙ্গে। তাঁরা জানান, সংসারের প্রতিদিনের খাবার, মেয়ের লেখাপড়ার খরচের পাশাপাশি স্বাধীনের ভবিষ্যৎ নিয়ে ছেলের মতোই তাঁদেরও দুশ্চিন্তার শেষ নেই।
প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথা জানাতে গিয়ে চিন্তামগ্ন হয়ে ওঠা স্বাধীন জানায়, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন পূরণ হতে যতটা শ্রম দেওয়া প্রয়োজন, সে পুরোটাই দিতে প্রস্তুত। তবু সে মানুষ হতে চায়। সৎ মানুষ।
পড়াশোনাকে ভয় পায় না মোহসিনা: ‘চেহারায় বুদ্ধিদীপ্ত ছাপ, আর পড়াশোনায় প্রচণ্ড আত্মবিশ্বাসী মোহসিনা। সে আমাদের আগেই কথা দিয়েছিল এসএসসিতে জিপিএ-৫ পাবে। ফলাফলে দেখলাম, পেয়েছেও ঠিক তাই।’ কথাগুলো রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি ওয়াকফ এস্টেট বিএল হাইস্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের। এ স্কুল থেকেই অদম্য মেধাবী হয়েছে সে।
মোহসিনা খাতুনদের বাড়ি উপজেলার লালদীঘি বলদিয়াপাড়া গ্রামে। তিন বোন, দুই ভাইয়ের মধ্যে মোহসিনা দ্বিতীয়। বাবা মাহমুদুল কাদির দীর্ঘদিন পায়ের সমস্যায় ভুগছেন। লালদীঘি বাজারে ছোট্ট মুদিখানার দোকান তাঁর। পরিবারের থাকার কষ্ট দেখে প্রতিবেশী জুয়েল মিয়া বছর তিন আগে আধা পাকা একটি টিনের ঘর করে দিয়েছেন। মোহসিনা এ ঘরে থেকেই অষ্টম শ্রেণিতে বৃত্তি পায়। এবার এসএসসিতে পেয়েছে জিপিএ-৫।
বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করা মোহসিনা বলে, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের আগে জিপিএ-৫ পাওয়া নিয়ে আমার মনে কোনো ভয় ছিল না। কারণ, আমি পড়াশোনায় ভয় পাই না। ভয় শুধু টাকার আর এখন ভালো কলেজে ভর্তি হওয়ার। পড়াশোনা করে ভালো ডাক্তার হতে চাই।’
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ভৈরব; দুপচাঁচিয়া (বগুড়া), ঈশ্বরদী (পাবনা) ও বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি}