পড়াশোনার খরচ জোগাতে পরিবারের আশায় থাকেনি তারা। দিনমজুরি করে, চা বেচে, পণ্য ফেরি করে নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি সংসারের অর্থ জুগিয়েছে। দারিদ্র্য ডিঙিয়ে সাফল্য ছিনিয়ে আনা এসব মেধাবী অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।চা বেচত ওমর ফারুক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহম্মদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ওমর ফারুক। বাড়ির কাছে সলপ স্টেশনের পাশে তার চায়ের দোকান। চা বিক্রির টাকায় লেখাপড়া করেছে ফারুক। সে দিনমজুুর আবু হাশেমের ছেলে।ফারুকের মা ফুলবালা বেগম বলেন, ‘ওমর বিয়ান (ভোর) ছয়টা থনে ইস্টিশিনে চায়ের দোকান খুইল্যা চা তয়ার কইরা বিক্রি করে। নয়টায় ফিরা আইসা স্কুলে যায়। আবার বিকালে স্কুল থনে আইসা দোকানে চা ব্যাচে। রাইতে ন্যাহাপড়া শুরু করে।’ফুলবালা জানান, ওমর যা আয় করে, তা দিয়ে নিজের পড়া ছাড়াও দুই ভাইয়ের পড়ার খরচ জোগায়।ওই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুজ্জামান বলেন, স্কুল থেকে ওমরকে কিছু আর্থিক সহায়তা করা হতো।ওমর বলে, বর্তমানে উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত সে। কলেজে ভর্তি হলে কীভাবে দোকান চালাবে, এটাই এখন তার বড় ভাবনা।ফেরি করত আনোয়ার: পাঁচ বছর বয়স থেকে বাবা মতিয়র রহমানের সঙ্গে আনোয়ার হোসেন ফেরি করে সেদ্ধ ডিম, বাদাম, বুট, জলপাই প্রভৃতি ফেরি করত। মতিয়র রহমানের বাড়ি কালাই উপজেলার সুরাইল গ্রামে। স্থানীয় থুপসারা সেলিমিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে।আনোয়ার বলে, ‘বই-খাতা-কলমসহ পরীক্ষার ফি জুগিয়েছেন আমার শিক্ষকেরাই। এখন ইচ্ছে আছে, সুযোগ পেলে পড়ালেখা করে ভালো চিকিৎসক হব।’ মাদ্রাসার সুপার মতিয়র রহমান বলেন, আনোয়ার সারা বছর ফেরিওয়ালার কাজ করলেও প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ক্লাসে সে কখনো দ্বিতীয় হয়নি।শিক্ষকদের সহায়তা পেয়েছে আল আমিন: ছয় মাস বয়সে দুর্ঘটনায় বাবা সুলতান গাজীকে হারায় আল আমিন। এরপর সাড়ে চার বছরের মেয়ে বিলকিস ও আল আমিনকে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করেন তার মা, বিধবা আখিরন বিবি (৪৫)।অভাব-অনটনের মধ্যে বেড়ে ওঠা ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের আল আমিন কে কে কে বি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।স্বামীর মৃত্যুর পর আল আমিনের মা আখিরন বিবি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনোমতে সংসার চালাতে থাকেন। অর্ধাহারে-অনাহারে দিন কাটতে থাকেন। এরপর স্থানীয় একটি মাদ্রাসায় ৫০০ টাকা বেতনে বাবুর্চির কাজ নেন।ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া এবং বই কেনার টাকার অভাবে যখন আল আমিনের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছিল, তখন কে কে কে বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম টাকা ছাড়াই তাকে স্কুলে ভর্তি করে দেন; নিজের টাকায় কিনে দেন বই। শিক্ষকেরা প্রতিবছর তাকে বই জোগাড় করে দিতেন। প্রায় দিন ঠিকমতো খাবার জুটত না। স্কুল ছুটির পর সে দিনমজুরের কাজ করত। স্কুলের শিক্ষক বিপুল কুমার তাকে সার্বিক সহযোগিতা করতেন।দিনমজুরি করেছে আবদুর রহমান: সাতক্ষীরার তালা উপজেলার গোনালী গ্রামের আবদুর রহমান এবার এসএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা বি দে সরকারি উচ্চবিদ্যালয় থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি গিয়ে জানা গেছে, রহমানের পড়ার চেয়ার-টেবিল বা বেঞ্চ নেই। কাঁচা ঘরের মেঝেয় খবরের কাগজ বা মাদুর বিছিয়ে তাকে পড়াশোনা করতে হয়েছে। অসুস্থ দিনমজুর বাবার উপার্জনের বেশির ভাগ টাকা ব্যয় হয় তাঁর ওষুধ কিনতে।রহমানের মা হোসনে আরা বেগম জানান, অভাবের কারণে রহমানকে বাবার সঙ্গে কখনো কখনো দিনমজুরি করতে হয়েছে। এ কারণে নিয়মিত ক্লাসও করতে পারেনি সে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিখরচায় পড়ার ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। রহমান জানায়, বিদ্যালয়ের শিক্ষক সুধাংশু কুমার সরকার তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। কলেজে ভর্তি হওয়ার মতো আর্থিক সামর্থ্যও তার নেই।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ); কাজী আবদুল্লাহ, ডুমুরিয়া (খুলনা); কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা; আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট)।