দারিদ্র্য দমাতে পারেনি ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসুদেব বাড়ি এলাকায় ছোট্ট একটি খুপরিতে বোন ও মায়ের সঙ্গে থাকে অজয় কুমার দে। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। এসএসসি পরীক্ষার শুরুর দিনই বাবা চন্দ্র কুমার দে মারা যান। শোককে শক্তিতে পরিণত করে পরীক্ষা দিতে থাকে সে। উপজেলার স্বরূপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়। বড় বোন উষা রানী দে বলেন, ‘অভাবের সংসারে প্রায় দিনই অজয়কে না খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে। রাতের বেলা কাপড় কাটা ও সেলাইয়ের কাজে আমাকে সহায়তা করত অজয়। ভোরের আলো ফুটলেই পড়তে বসত। তার এই সাফল্যে আমরা খুব খুশি।’

আনছানুর রহমান রবিনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে। বাবা আবদুছ ছালাম আগে দিনমজুরি করলেও দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করানো যাচ্ছে না। দিনমজুরি ও প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে আনছানুর। কাঁথা সেলাই করে সংসারের খরচ চালান মা রিনা আক্তার। চার ভাইয়ের মধ্যে আনছানুর দ্বিতীয়। তারাটি ইয়াসিন উচ্চবিদ্যালয় থেকে এবার বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে আনছানুর। রিনা আক্তার বলেন, এক বেলা খেলে দুই বেলা উপোস করতে হয়। মেধা আর চেষ্টায় রবিন জিপিএ-৫ পেয়েছে। সহপাঠী দিদার ও শাহ আলম জানায়, সবার সহযোগিতা পেলে সে একদিন অনেক বড় হবে। তারাটি ইয়াসিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, এ বছর একমাত্র রবিন জিপিএ-৫ পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছে।

আশিকুর রহমানের ইচ্ছা, চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। বাবা-মা আর তিন ভাই-বোন নিয়ে ছোট্ট একটি ভাঙা ঘরে থাকে আশিকুর। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলার হালুয়াপাড়া গ্রামে। বাবা রফিকুল ইসলাম দিনমজুর। বাবাকে সহযোগিতা করতে গিয়ে মাঝেমধ্যে স্কুলও ফাঁকি দিতে হয়েছে তাকে। খেয়ে না-খেয়ে স্কুলে যেতে হয়েছে। এতেও দমেনি আশিকুর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে।

(প্রতিবেদন পাঠিয়েছেন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ), সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি)