দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এগিয়ে গেছে ওরা। বই পড়তে হয়েছে ধার করে। গৃহশিক্ষকের কাছেও পড়ার সুযোগ হয়নি। ঘরে ছিল না খাবার। কেরোসিন তেল কেনার টাকা না থাকায় রাতে কুপির আলোতে পড়তে পারেনি। পড়তে হয়েছে দিনের বেলা। এভাবে প্রতিকূল পরিবেশে লেখাপড়া চালিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে দরিদ্র মা-বাবার মুখে হাসি ফুটিয়েছে ওরা। মা-ভাইয়ের উৎসাহ, কুসুমের সাফল্য: ‘পড়াশোনার খরচ চালাতে মায়ের সঙ্গে অন্যের বাড়ি কাজ করতাম। আবার গৃহশিক্ষকতাও করতাম। আমার লেখাপড়ার যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য মা ও বড় ভাই আমাকে সব সময় উৎসাহ দিতেন।’ কথাগুলো কুমিল্লার লাকসাম পৌর শহরের নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা উচ্চবিদ্যালয়ের ছাত্রী কুসুম আক্তারের। সে এবার বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, ‘মেয়েটি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিল। সে হতদরিদ্র পরিবারের মেয়ে।’ লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে সংশয়: তিন ভাইবোনসহ পরিবারে মোট সদস্য পাঁচজন। বাবা একটি বালিকা বিদ্যালয়ে দপ্তরির কাজ করেন। বেতন পান তিন হাজার টাকা। মা একটি বেসরকারি সংস্থায় মাত্র ৭০০ টাকা বেতনে মাঠপর্যায়ে কাজ করেন। নিজেদের কোনো জমি নেই। এ রকম উৎসাহে আর বই পড়ার প্রতি প্রবল আগ্রহের কারণে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আকতার। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে। বাবার নাম ফয়েজ আহমদ এবং মায়ের নাম ফিরোজা আকতার। ফারজানা মরিয়মনগর আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। সে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। ফারজানা আকতার বলে, ‘সংসারে অভাব থাকায় মা-বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে। অভাবের কারণে ভবিষ্যতে লেখাপড়া করতে পারব কি না, তা নিয়ে সংশয়ে আছি।’ ভূমিহীন পরিবারে আশার আলো: বাবা ভূমিহীন। অন্যের জমিতে ছোট একটি ঘর তুলে বসবাস করেন। দিনমজুরি করে সংসার চালান। তবে বাবা যেদিন কাজ পেতেন না, সেদিন দিনে লেখাপড়া করত সে। কাজ না পেলে উপোসও থাকতে হতো। ঘরে কোনো চেয়ার-টেবিল ছিল না। মেঝেতে মাদুর পেতে লেখাপড়া করতে হতো। এ রকম নানা কষ্ট আনন্দে পরিণত হয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর। এ কৃতী ছাত্রীর নাম শাহিদা বেগম। সে নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের নুরুল হক মিয়াজীর মেয়ে। সে ছাতনী উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। ভালো ফলাফল করে ভূমিহীন পরিবারে আশার আলো জ্বালিয়েছে সে। শাহিদা খাতুন বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ আল মামুন এবং তাঁর বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক তাকে সব সময় সহায়তা করেছে। বই ধার করে লেখাপড়া: ফরম ফিলাপের অর্ধেক টাকা দিয়েছিলেন শিক্ষকেরা চাঁদা তুলে। বই কেনার সামর্থ্য ছিল না। তাই বড় ভাইদের কাছ থেকে পুরোনো বই ধার নিয়ে লেখাপড়া করতে হয়েছে। মা-বাবা ও ভাইবোনসহ সাত সদস্যের পরিবার। বাবা মাওলানা আবদুল আলীম ইমামতি করে আড়াই হাজার টাকা পান। অভাবের কারণে অনেক দিন উপোস থেকেও লেখাপড়া চালাতে হয়েছে। এভাবে কষ্ট করে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে হামিদুর রহমান। তাদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়ায়। সে স্থানীয় আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। হামিদুর রহমান বলে, ‘টাকার অভাবে নির্বাচনী পরীক্ষার আগে গৃহশিক্ষকদের কাছে পড়তে পারিনি। ওই পরীক্ষার পর স্থানীয় এক শিক্ষক আমাকে বিনা টাকায় পড়িয়েছেন।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মুজিবর রহমান, লাকসাম (কুমিল্লা) ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম), মুক্তার হোসেন, নাটোর, মোশাহেদ মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ)]