দারিদ্র্য দমাতে পারেনি ঝর্ণাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝর্ণা রানী দাস l প্রথম আলো
ঝর্ণা রানী দাস l প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের সমুদ্র উপকূলঘেঁষা বসতি জলদাসপাড়া। এই পাড়ারই বর্গাচাষি দিলীপ কুমার দাসের মেয়ে ঝর্ণা রানী দাস। টানাটানির সংসারে কঠিন ছিল ঝর্ণার লেখাপড়া চালিয়ে যাওয়া। তবু প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে কামাল উদ্দিন চৌধুরী কলেজে গেছেন ঝর্ণা। কখনো না খেয়েও কলেজে যেতে হয়েছে। তবু এসব বাধা দমিয়ে রাখতে পারেনি তাঁকে। এবারের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।

কী করে এমন সাফল্য—জানতে গত ২৯ জুলাই মঘাদিয়ার জলদাসপাড়ায় গেলে কথা হয় ঝর্ণা ও তার বাবা-মায়ের সঙ্গে। আড়াই শতকের ভিটায় ঝর্ণাদের দুই কক্ষের জরাজীর্ণ বেড়ার ঘর। আসবাব বলতে দুটি চৌকি আর একটি চেয়ার। দিলীপ কুমার দাসের চার ছেলেমেয়ের মধ্যে ঝর্ণা সবার বড়। বড় মেয়ের সাফল্যের কথা তুলতেই আঁচলে চোখ মুছলেন তাঁর মা রত্না রানী দাস। মেয়ের এমন সাফল্য তাঁদের কাছে প্রত্যাশিত, অভাবনীয়।

ধরা গলায় রত্না রানী দাস বললেন, ‘মেয়ে খুব ভালো করেছে। এতে আমার আনন্দ হচ্ছে, আবার কষ্টও পাচ্ছি। কষ্টের কারণ আমরা তো মেয়েটাকে কিছুই দিতে পারি নাই। কত দিন না খেয়ে কলেজে গেছে সে। একটা জামা পরেই দুই বছর পার করেছে। কোনো দিন গাড়ি ভাড়ার টাকা দিতে পারিনি। পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে কলেজে গেছে।’ 

মিরসরাইয়ের মঘাদিয়ার জলদাসপাড়ায় প্রায় এক শ পরিবারের বসবাস। এখানকার অর্ধেক মানুষের জীবিকাই মাছ ধরা। বাকিরা কৃষক। তবে বেশির ভাগ মানুষেরই নিজের চাষের জমি নেই। এখানকার খুব কম শিক্ষার্থীই এইচএসসি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছে। ঝর্ণার সাফল্য তাই সবাইকে হতবাক করেছে। পাড়ার লোকজনের মুখে মুখে এখন এই অদম্য মেধাবীর কথা।

মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস মিয়াও সে কথা বললেন। প্রথম আলোকে তিনি বলেন, মঘাদিয়ার জলদাসপাড়ায় এবার এইচএসসি পরীক্ষায় ঝর্ণা রানী দাসই একমাত্র জিপিএ-৫ পেয়েছেন। দরিদ্র পরিবারে এমন একটি মেয়ে নিজের চেষ্টায় উঠে এসেছেন, সেটাই বড় আশার কথা। তাঁর এই সাফল্য ওই এলাকার শিক্ষার্থীদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়।

  ঝর্ণার বাবা দিলীপ কুমার দাস বলেন, ‘আমার মেয়েটা ছোটবেলা থেকেই মেধাবী। পঞ্চম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিল সে। এসএসসিতে অল্পের জন্য জিপিএ-৫ পায়নি। মেয়ের দোষ কী? এত দূর হেঁটে গিয়ে ক্লান্ত শরীরে পরীক্ষা দিয়েছে। মেয়ের জন্য একটা পড়ার টেবিলের ব্যবস্থাও করতে পারিনি আমরা। আমার আরও এক মেয়ে এবং দুই ছেলে পড়াশোনা করছে। ছোট মেয়েটাও পড়ালেখায় খুব ভালো। আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। ছেলে দুটো এখনো প্রাথমিকে পড়ে। সবার লেখাপড়া চালিয়ে যাওয়া আমার পক্ষে এক রকম অসম্ভব। আমি সবার কাছে সহযোগিতা চাই, মেয়েটা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে।’

এমন ভালো ফল কার অনুপ্রেরণা কী ছিল—জানতে চাইলে ঝর্ণা বলেন, পরিবার সব সময় লেখাপড়ায় তাঁকে সমর্থন জুগিয়েছে। আর কলেজে শিক্ষকেরাও সবকিছুতে সহযোগিতা করেছেন। অনেক শিক্ষক ক্লাসের বাইরেও তাঁকে পড়িয়েছেন। ঝর্ণার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া।

কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজে জিপিএ-৫ পেয়েছে তিনজন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ঝর্ণা রানী দাস একাই জিপিএ-৫ পেয়েছে। সে নিজের চেষ্টায় এমন ভালো ফল করেছে। আমরা চাই সে লেখাপড়া চালিয়ে যাক।’