দারিদ্র্য দমাতে পারেনি প্রতিবন্ধী মেয়েটিকে

শারীরিক প্রতিবন্ধকতা নাজমুন নাহারের (১৪) সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছোটবেলা থেকেই লেখাপড়ায় তার দারুণ আগ্রহ। পঞ্চম শ্রেণিতে সে বৃত্তিও পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি। দারিদ্র্যের সংসারে মা-বাবা তাকে যথাসাধ্য সমর্থন দিয়ে যাচ্ছেন। তাঁদের আশা, নাজমুন নাহার ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে, সমাজের বোঝা হবে না।
নাজমুন নাহারের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পশ্চিম বিষ্ণুকাঠি গ্রামে। সে স্থানীয় আলকীরহাট হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ২০০৩ সালে তার জন্ম। তিন বোনের মধ্যে সে ছোট। বাবা শাহাদাৎ হোসেন ঢাকায় কাজ করেন। মা মনিজা বেগম মেয়েদের নিয়ে গ্রামে থাকেন।
জন্ম থেকেই নাজমুন নাহারের দুই পা সরু, হাঁটতে পারে না। মায়ের সহযোগিতায় নাজমুন নাহার চলাফেরা করে। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে বিষ্ণুকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। তার মা প্রতিদিন তাকে কোলে নিয়ে তিন কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যাওয়া-আসা করতেন। ২০১৪ সালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে নাজমুন নাহারকে একটি হুইলচেয়ার দেওয়া হয়। সংগীত ও ছবি আঁকায় তার ব্যাপক আগ্রহ। নাজমুন নাহার ২০১৩ সালে স্কুলপর্যায়ে সংগীত প্রতিযোগিতায় জেলায় তৃতীয় স্থান অধিকার করে। ২০১৫ সালে সে বাংলাদেশ টেলিভিশনে কচি-কাঁচার আসর ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করেছে সে।
পরিবারের সহায়তায় সামনে এগিয়ে যেতে চায় নাজমুন নাহার। সে বলে, ‘বিদ্যালয়ে যাওয়া কিংবা কোনো প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার সময় মা সব সময় সঙ্গে থাকেন। আমি পড়াশোনা করে সরকারি চাকরি করতে চাই।’
মা মনিজা বেগম বলেন, ২০১৩ সালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্র (পঙ্গু হাসপাতালে) নাজমুন নাহারের পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন তার পায়ে আবারও অস্ত্রোপচার করতে হবে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা শেষ না করে বাড়িতে চলে আসতে হয়েছে। মেয়েকে সময় দিতে গিয়ে সংসারের অনেক কাজ ফেলে রাখতে হয়।